বিনোদন প্রতিবেদক | ঢাকা প্রেস
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ ৩ নভেম্বর। জীবনের আরও একটি বছর পেরিয়ে নতুন বছরে পা রাখলেন তিনি। তবে এবারের জন্মদিনে নেই বড় কোনো আয়োজন। যুক্তরাষ্ট্রে মা, মেয়ে ও বোনদের সঙ্গে একান্তে সময় কাটিয়েই বিশেষ দিনটি উদযাপনের পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী।
জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ভক্তদের ভালোবাসায় আপ্লুত মৌসুমী। প্রায় তিন বছর ধরে ঢাকায় না থাকলেও তাঁকে ঘিরে ভক্তদের আয়োজনের কমতি নেই। প্রতিবছরের মতো এবারও মৌসুমী ফ্যান ক্লাবের উদ্যোগে রাজধানীর ফার্মগেটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী। এ ছাড়া পরিবারের পক্ষ থেকেও থাকছে বিশেষ দোয়ার আয়োজন।
যুক্তরাষ্ট্র থেকে জন্মদিন উদযাপনের পরিকল্পনা জানিয়ে মৌসুমী বলেন, ‘এখানে আসলে জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই আমার। আম্মু, আমার মেয়ে এবং বোনেরা মিলে যুক্তরাষ্ট্রেই একসঙ্গে সুন্দর সময় কাটানোর চেষ্টা করব। ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই সময় কাটবে। নিজেরা খাওয়াদাওয়া করব। ব্যস, এই তো। ঢাকায় থাকলে হয়তো একটু ভিন্ন কিছুর আয়োজন হতো।’
জন্মদিন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ‘জন্মদিন মানে জীবন থেকে একটি বছর চলে যাওয়া। একজীবনে কত কিছুই না করার ছিল, তা করতে পারিনি। ঢাকায় সানী (ওমর সানী) নানান কিছু করে, আমার ফ্যান ক্লাব থেকে দেশজুড়েই ভক্তরা অনেক কিছু করে। ভক্তদের ভালোবাসা দূর থেকেও উপভোগ করি। বেশ ভালো লাগে।’
শৈশবের জন্মদিনের স্মৃতিও এখনো আবেগাপ্লুত করে মৌসুমীকে। সেই সময়ের কথা স্মরণ করে তিনি জানান, ছোটবেলায় তাঁর বাবা জন্মদিন উপলক্ষে এতিমখানায় খাবারের আয়োজন করতেন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেন। অন্যদিকে তাঁর মা বাড়িতে নানা পদের খাবার রান্না করে আত্মীয়স্বজনদের আপ্যায়ন করতে ভালোবাসতেন।
মৌসুমীর ভাষায়, ‘ছোটবেলায় আব্বু আমার জন্মদিনে এতিমখানায় খাওয়াদাওয়ার ব্যবস্থা করতেন। সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের সহযোগিতা করতেন। তবে বাসায় বিশেষ কোনো উৎসবের বিষয়ে আমার বরাবরই অনাগ্রহ ছিল। আবার আম্মু অনেক রান্নাবান্না করতেন। আত্মীয়স্বজনদের ডেকে খাওয়াতে ভালোবাসতেন। সেই সময়টা আসলে খুব মিস করি।’
উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক ঘটে মৌসুমীর। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। এরপর ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে সালমান শাহর সঙ্গে অভিনয় করেন তিনি। চিত্রনায়ক ওমর সানীর বিপরীতেও অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা ও প্রশংসা অর্জন করেছেন এই গুণী অভিনেত্রী।







