মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০২:০৬:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •

আশুলিয়ায় শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়ায় শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা

ডেস্ক নিউজ | ঢাকা প্রেস

 

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে আশুলিয়ায় পোশাকশ্রমিকদের আন্দোলন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হলেও শ্রমিকদের আন্দোলন থামেনি। মঙ্গলবার (৩ নভেম্বর) আন্দোলনের চতুর্থ দিনে শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের কারণে বেলা ১২টা পর্যন্ত অন্তত ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
 

শ্রমিক, শিল্প পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রমিকেরা যথাসময়ে কারখানায় উপস্থিত হয়ে হাজিরা দেন। পরে কাজ বন্ধ রেখে তিন দফা দাবির পক্ষে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে অনন্ত গার্মেন্টস, ডেকো গার্মেন্টস, নিউ এইজ, আল-মুসলিম, সাদিয়া ফ্যাশন, নীট এশিয়া, হা-মীম গ্রুপ ও শারমিন গ্রুপসহ বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে এসে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হন এবং সড়ক অবরোধের চেষ্টা করেন।
 

এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। অন্যদিকে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ছাড়া ইউনিক এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
 

শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, সকাল ৮টার পর থেকে বেলা ১১টা পর্যন্ত নিশ্চিন্তপুর থেকে নরসিংহপুর পর্যন্ত বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
 

আন্দোলনরত একটি পোশাক কারখানার এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না, আমরা এর বাস্তবায়ন চাই। অতি দ্রুত নতুন বেতনকাঠামো ঘোষণা করতে হবে।’
 

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে অথবা শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে গেছেন। বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।
 

শ্রমিকদের তিন দফা দাবি বাস্তবায়ন এবং নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে আশুলিয়ার শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।