তফছির আহাম্মদ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লার দেবিদ্বারে মায়ের চোখের সামনেই দ্রুতগতির ট্রাকের চাপায় মিনহা আক্তার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছোট শালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার মনির হোসেনের মেয়ে। মায়ের সঙ্গে দুই বোন দেবিদ্বারের ছোট শালঘর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনহার মা জুলেখা আক্তার ছোট শালঘর গ্রামের আফতাব উদ্দিন সরকার বাড়ির বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে। রোববার দুই মেয়েকে সঙ্গে নিয়ে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে চিকিৎসার জন্য দুই মেয়ে ও মাকে নিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান জুলেখা।
চিকিৎসা শেষে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ছোট শালঘরে ফিরে আসেন। বাসস্ট্যান্ডে নেমে স্বজনেরা অটোরিকশার ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় মিনহা তাদের আগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মায়ের চোখের সামনে মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোক ও আহাজারির সৃষ্টি হয়।
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি আটক করা হয়েছে। নিহত শিশুর মরদেহ দেবিদ্বার থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।







