চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের আলোচিত দুটি হত্যা মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথক শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, রিমান্ড শুনানির জন্য বুধবার ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে নগরের বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বাকলিয়ায় জোড়া খুনের মামলা
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩০ মার্চ রাতে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ আল রিফাত নামে দুজন নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডেভিড ইমনকে আসামি করা হয়েছে। মামলায় হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
সরোয়ার বাবলা হত্যা মামলা
অন্যদিকে, নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকিয়া পাড়া এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিতে নিহত হন সরোয়ার হোসেন বাবলা। এ ঘটনায় তাঁর বাবা আবদুল কাদের বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে ডেভিড ইমনও রয়েছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়েছে।
যশোর থেকে গ্রেপ্তার
প্রসঙ্গত, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে তাঁর তিন সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁরা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে ডেভিড ইমনকে চট্টগ্রামে এনে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।







