ডেস্ক নিউজ | ঢাকা প্রেস
রাজনৈতিক হীন উদ্দেশ্যে দেশের পোশাক কারখানার উৎপাদন ব্যাহত করতে কোনো কোনো মহল উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে কোনো কোনো মহল গার্মেন্টসশিল্পের উৎপাদন ব্যাহত করার উদ্দেশ্যে উসকানি দিচ্ছে। কেউ কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনেক পোশাক কারখানা বন্ধ থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করা হচ্ছে, খুব শিগগিরই এসব কারখানা পুনরায় চালুর ব্যবস্থা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার শ্রমিক সংগঠনগুলোর প্রায় সব নেতার পাশাপাশি পোশাক কারখানার মালিক এবং ব্যবসায়ীদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। ওই আলোচনায় সংশ্লিষ্ট সবাই সন্তুষ্ট হয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী হামলা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এখন ওই বোর্ডে ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা ও দর-কষাকষি হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই। তবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং হীন স্বার্থ চরিতার্থ করতে পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো কোনো মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সরকার এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করবে।
তিনি বলেন, পোশাকশিল্পের উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।







