সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৫:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অবসর নিইনি, অভিনয়ে ফিরি বা না ফিরি প্রযোজনা করতে চাই: পপি

অবসর নিইনি, অভিনয়ে ফিরি বা না ফিরি প্রযোজনা করতে চাই: পপি

বিনোদন প্রতিবেদক:



চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি বক্তব্যকে ঘিরে সম্প্রতি বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে পপি জানিয়েছেন, চলচ্চিত্রে অভিনয় করে ‘পাপ করেছেন’—এমন কোনো কথা তিনি বলেননি। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, এখনো আনুষ্ঠানিকভাবে অভিনয় থেকে অবসর নেননি।

 

 

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনলাইনে প্রকাশিত পপির গত বছরের একটি সাক্ষাৎকারের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, জীবনে যত পাপ করেছেন, সেগুলো থেকে ক্ষমা চেয়ে বাকি জীবন আল্লাহর স্মরণে কাটাতে চান। এ বক্তব্যের পর অনেকে ধারণা করেন, পপি হয়তো চলচ্চিত্র থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন।
 

বিষয়টি নিয়ে অভিনেতা বাপ্পারাজও মন্তব্য করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে পপিকে নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
 

এ প্রসঙ্গে পপি বলেন, চলচ্চিত্রে অভিনয় করাকে তিনি কখনো পাপ হিসেবে উল্লেখ করেননি। মানুষ জেনে-না জেনে নানা ভুল করে এবং সেসবের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
 

পপি বলেন, ‘আমি কিন্তু আমার বক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ জেনে না জেনে পাপ করে। নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না—এমন তো নয়। আমি আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে স্বামী-সংসার নিয়ে ভালো থাকতে চাইলে সেটি অন্যায় কিছু নয়।’
 

চলচ্চিত্রের প্রতি নিজের ভালোবাসা এখনো অটুট রয়েছে জানিয়ে পপি বলেন, অভিনয়ের মাধ্যমে যে সিনেমা তাকে যশ, খ্যাতি ও সম্মান এনে দিয়েছে, সেই মাধ্যম নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রশ্নই আসে না। তিনি এখনো চলচ্চিত্রকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন।
 

অভিনয়ে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে পপি বলেন, ‘আমি এখনো অবসর নিইনি। কোনো গল্প ভালো লাগলে অভিনয় করতেও পারি। নিজের বায়োগ্রাফিতে অভিনয় করার ইচ্ছাও আছে। তবে অভিনয়ে ফিরি বা না ফিরি, প্রযোজনা করার খুব ইচ্ছা আছে।’
 

বর্তমানে স্বামী আদনান ও একমাত্র ছেলে আয়াতকে নিয়ে সংসারেই বেশি সময় কাটছে বলে জানান পপি। জীবনের প্রয়োজনেই চলচ্চিত্র থেকে কিছুটা দূরে সরে আছেন বলেও উল্লেখ করেন তিনি।
 

পপির অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। এ ছাড়া আরও কয়েকটি সিনেমার শুটিং শুরু করলেও পরবর্তী সময়ে সেগুলোতে আর নিয়মিত সময় দিতে পারেননি তিনি।