ঢাকার প্রত্যর্পণ অনুরোধ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে.....
ঢাকা প্রেস, অনলাইন ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার সম্ভাবনা এবং তাঁকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণের অনুরোধকে সম্পূর্ণ আলাদা বিষয় হিসেবে দেখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ব্যক্তি বৈধ ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে তা প্রত্যর্পণ প্রক্রিয়ার আওতাভুক্ত নয়। অন্যদিকে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো অনুরোধ প্রতিষ্ঠিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে নানা আলোচনার মধ্যে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনা, তাঁকে হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনার বিষয়ে ঢাকার বক্তব্য এবং বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থার মাধ্যমে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন।
এ ছাড়া শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের অবাধ চলাচল এবং পেট্রাপোল-বেনাপোলসহ বিভিন্ন সীমান্ত ক্রসিং পরিদর্শনের বিষয়ে ভারত কোনো মধ্যস্থতাকারী বা সহযোগীর ভূমিকা পালন করছে কি না, তাও জানতে চান সাংবাদিকেরা।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সেখানকার সরকারের মধ্যকার বিষয়। এ নিয়ে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।’
তবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। রণধীর জয়সোয়াল বলেন, ‘প্রত্যর্পণের অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো নাগরিক যদি বৈধ ভ্রমণ নথিতে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চান, তাহলে সেই বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা।’
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারতের উদ্বেগ
সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষ করে নড়াইল ও পাবনাসহ দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা এবং এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন সাংবাদিকেরা।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। এসব ঘটনার সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
গঙ্গার পানি বণ্টন ও যৌথ নদী কমিশন
গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ এবং যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশনের মতো প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। এসব বিষয়ে ওই কাঠামোর মাধ্যমেই আলোচনা চলছে।
অস্ত্র ও বিস্ফোরকবাহী জাহাজ নিয়ে ভারতের বক্তব্য
এদিকে, মোংলা বন্দর অভিমুখী একটি জাহাজ বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রসহ ইন্দোনেশিয়ায় আটক হওয়ার বিষয়ে ভারতের কাছে কোনো তথ্য রয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকেরা।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ-সংক্রান্ত কিছু প্রতিবেদন তাদের নজরে এসেছে। ভারতের নিরাপত্তা স্বার্থে প্রভাব ফেলতে পারে—এমন প্রতিটি পরিস্থিতির ওপর দেশটি নিবিড় নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে ভারতের বক্তব্যে স্পষ্ট হয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার সম্ভাবনা এবং বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধকে পৃথক আইনি ও কূটনৈতিক বিষয় হিসেবেই বিবেচনা করছে নয়াদিল্লি। তবে প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানায়নি দেশটি।







