বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ এ ০৭:৪২:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

সাত মাস দায়িত্ব পালনের পর ডিজির অপসারণ দাবি, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মানববন্ধন

সাত মাস দায়িত্ব পালনের পর ডিজির অপসারণ দাবি, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মানববন্ধন

ঢাকা প্রেস ডেস্ক:

 

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে মঞ্চ ২৪ নামে একটি সংগঠন। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং দলটির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ তুলেছেন মানববন্ধনকারীরা। তবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী আয়োজনের ঠিক আগের দিন এ কর্মসূচি পালন করায় এর সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা।
 

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগ ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মো. শাহজামান খান চলতি বছরের ৯ এপ্রিল ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে প্রায় সাত মাস ধরে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন। তবে এ সময় তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক সুবিধাভোগী হিসেবে কোনো প্রকাশ্য আন্দোলন বা অভিযোগ সামনে আসেনি।
 

এদিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সাবেক বাণিজ্যমেলার মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এ আয়োজনের উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র এক দিন আগে ভারপ্রাপ্ত মহাপরিচালকের অপসারণ দাবিতে মানববন্ধন হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
 

অধিদপ্তরের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন সময়ে একটি পক্ষ অধিদপ্তরের বিভিন্ন বিষয়ে তদবির করেছে। এসব তদবিরে সাড়া না পাওয়ায় এখন মহাপরিচালকের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হচ্ছে বলে তাঁদের ধারণা। তাঁদের অভিযোগ, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজনকে বিতর্কিত করার উদ্দেশ্যেও এ কর্মসূচি পালন করা হয়ে থাকতে পারে।
 

অন্যদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন চলতি বছরের ২২ ফেব্রুয়ারি কৃষক দলের প্যাডে দেওয়া এক লিখিত বক্তব্যে উল্লেখ করেন, শাহজামান খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।
 

মানববন্ধনে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, শাহজামান খান সাবেক প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউলের ঘনিষ্ঠ ছিলেন। সাবেক মন্ত্রী মির্জা আজমের ভাই মির্জা কবিরের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি কাজ করেছেন বলেও অভিযোগ করেন ফাহিম ফারুকী।
 

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে আয়োজিত শান্তি সমাবেশেও শাহজামান খান অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে তাঁর উপস্থিতির বিষয়টি সামনে আনতেই তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, ‘মঞ্চ ২৪ কারা, তাদের আমি চিনি না, জানি না। তারা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। আগামীকাল প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করবেন। এমন সময় মেলা ভণ্ডুল করতে এ ধরনের মানববন্ধন করা হয়েছে কি না, তা জানি না।’
 

তিনি অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য না করে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজনের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন।