প্রথমে স্বাভাবিক প্রসব, পরে অস্ত্রোপচারে জন্ম নিল আরও তিন নবজাতক
মঈনুদ্দিন শাহীন, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিয়েছেন জেসমিন বিবি (২৬) নামে এক রোহিঙ্গা নারী। প্রথমে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি সন্তানের জন্ম দেন তিনি। পরে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় আরও তিন সন্তানের। চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
উখিয়ার পানবাজার-বালুখালী এলাকায় অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালে এ ঘটনা ঘটে। জেসমিন বিবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৬-এর এ-১ ব্লকের বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী।
বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জেসমিন বিবি তৃতীয়বারের মতো গর্ভধারণ করেছিলেন। আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তাঁর গর্ভে চারটি শিশুর অস্তিত্ব শনাক্ত হয়। গত ১৩ নভেম্বর রাতে তাঁকে ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম সন্তানের জন্ম দেন তিনি।
পরবর্তী সময়ে গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক না থাকায় চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এর ধারাবাহিকতায় ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে বাকি তিন নবজাতকের জন্ম হয়। এভাবে দুই দিনের ব্যবধানে চার সন্তানের মা হন জেসমিন বিবি।
হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বলেন, এটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ একটি প্রসবের ঘটনা। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টা এবং চিকিৎসাসেবার মাধ্যমে সফলভাবে চার শিশুর প্রসব সম্পন্ন করা সম্ভব হয়েছে।







