বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫৯:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

পটিয়ায় আজ শুরু হচ্ছে আল-জামিয়াতুল ইসলামিয়ার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন

পটিয়ায় আজ শুরু হচ্ছে আল-জামিয়াতুল ইসলামিয়ার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন

আবদুল হাকিম রানা, চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের পটিয়ায় আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়ার ৮৭তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) শেষ হবে। এতে দেশ-বিদেশের প্রখ্যাত আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা গুরুত্বপূর্ণ আলোচনা ও বয়ান পেশ করবেন। সম্মেলনে প্রায় দুই লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
 

মহাসম্মেলন সফল করতে ইতোমধ্যে একাধিক প্রস্তুতি ও পরামর্শ সভা করেছে জামিয়া কর্তৃপক্ষ। এসব সভায় সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা, অতিথি আপ্যায়ন, আবাসন, নিরাপত্তা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সম্মেলনের সফলতা কামনায় বিশেষ দোয়ার আয়োজনও করা হয়েছে।
 

সম্মেলনকে সামনে রেখে গতকাল বুধবার জামিয়া থেকে ফারেগ হওয়া সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ফাজেলান সম্মেলন’ অনুষ্ঠিত হয়।
 

জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন ওয়াদূদী বলেন, ‘এবারের আয়োজন জামিয়ার ৮৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আমি দায়িত্ব গ্রহণের পর এটিই আমার প্রথম বার্ষিক মহাসম্মেলন। তাই এবারের আয়োজনে কিছু ব্যতিক্রমী কর্মসূচি রাখা হয়েছে। বিশেষ করে আগত মেহমানদের সুন্দরভাবে আপ্যায়ন এবং তাঁদের থাকার জন্য পৃথক ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।’
 

প্রতিষ্ঠানটির পরিচালন ব্যয় সম্পর্কে তিনি জানান, জামিয়ায় প্রায় ছয় হাজার শিক্ষার্থীর খাবার, বোর্ডিং খরচ ও অন্যান্য খাতে প্রতি মাসে প্রায় এক কোটি টাকা ব্যয় হয়। ধর্মপ্রাণ মুসলমানদের দান-অনুদানের মাধ্যমেই এসব ব্যয়ের অধিকাংশ সংস্থান করা হয়।
 

প্রতিষ্ঠানটির আর্থিক সীমাবদ্ধতা তুলে ধরে মুহতামিম বলেন, ‘আমাদের নিজস্ব কোনো সম্পত্তি নেই। আল্লাহর ওপর ভরসা করে জনগণের সাহায্য-সহযোগিতায় জামিয়া পরিচালিত হচ্ছে। দেশবাসী ও বিত্তবানদের প্রতি আমার আহ্বান, আপনারা এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করুন।’
 

জামিয়া কর্তৃপক্ষের প্রত্যাশা, দুই দিনের এ মহাসম্মেলন ধর্মীয় আলোচনা ও বয়ানের পাশাপাশি দেশ-বিদেশের আলেম-ওলামা, সাবেক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং ধর্মপ্রাণ মুসলমানদের এক বৃহৎ মিলনমেলায় পরিণত হবে।
 

জামিয়ার শূরা সদস্য মাওলানা আবদুর রহিম বলেন, প্রতি বছরের মতো এবারও মহাসম্মেলনকে কেন্দ্র করে পটিয়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আন্তর্জাতিক এ সম্মেলন সফল করতে তিনি সব মহলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।