রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ এ ১২:৩১:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’, থাকছে গান, নাচ ও নানা চমক

নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’, থাকছে গান, নাচ ও নানা চমক

বিনোদন প্রতিবেদক

 

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। জেলার ঐতিহাসিক নান্দাইল দিঘির কোলঘেঁষে অবস্থিত নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে এবারের অনুষ্ঠানের মূল মঞ্চ। বর্ণিল আয়োজন, বৈচিত্র্যময় সংগীত, নৃত্য এবং ব্যতিক্রমী সব প্রতিবেদন নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে এবারের ‘ইত্যাদি’।
 

এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের বৈচিত্র্যময় গান। এর মধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটের কৃতী সন্তান ও দেশের বরেণ্য সংগীতশিল্পী খুরশিদ আলম। তাঁর গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্য থেকে শ্রোতাপ্রিয় তিনটি গান বাছাই করে তৈরি করা হয়েছে বিশেষ সংকলন।
 

চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে এবারের অনুষ্ঠানে থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান। নতুন ও আধুনিক সংগীতায়োজনে গানটি পরিবেশন করেছেন প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ও জয়পুরহাটের কৃতী সন্তান ফাতেমা তুজ জোহরা এবং নওগাঁর শিল্পী ইয়াসমিন মুশতারি। গান দুটির সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
 

জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে দর্শকদের সামনে তুলে ধরতে থাকছে বিশেষ জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় পরিবেশিত এই নৃত্যগীতে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
 

অনুষ্ঠানের দর্শকপর্বেও থাকছে স্থানীয় বৈশিষ্ট্য ও ঐতিহ্যের ছোঁয়া। জয়পুরহাটকে কেন্দ্র করে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে নির্বাচিত করা হবে চারজনকে। পরবর্তী পর্বে নির্বাচিত দর্শকেরা জেলার অন্যতম পরিচিত ব্র্যান্ডিং পণ্য সুস্বাদু ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে নির্মিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করবেন।
 

বরাবরের মতো এবারের ‘ইত্যাদি’তেও থাকছে সমাজসচেতনতামূলক, তথ্যবহুল ও হৃদয়স্পর্শী নানা প্রতিবেদন। জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি, দেশের পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রা, জেলার বর্ণাঢ্য ইতিহাস-ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো নিয়ে তৈরি করা হয়েছে একটি বিশেষ তথ্যভিত্তিক প্রতিবেদন।
 

এ ছাড়া থাকছে জয়পুরহাটের বাক্‌প্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে অনুপ্রেরণামূলক একটি প্রতিবেদন। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের নীরবতাকেই শক্তিতে পরিণত করেছেন তাঁরা। তাঁদের জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প উঠে আসবে এই প্রতিবেদনে।
 

জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ব্যতিক্রমী শিল্পী প্রসেনজিৎ বর্মনকে নিয়েও থাকছে বিশেষ আয়োজন। মাটিকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে ছাই দিয়ে অবিশ্বাস্য সব প্রতিকৃতি তৈরি করেন তিনি। তাঁর অসাধারণ শিল্পকর্মের গল্পও তুলে ধরা হবে অনুষ্ঠানে।
 

অনুষ্ঠানের শেষদিকে থাকছে যশোরের কেশবপুর উপজেলার মানবসেবায় নিবেদিতপ্রাণ লেয়াকত আলীকে নিয়ে একটি মানবিক প্রতিবেদন। পেশায় সাধারণ ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হয়েও দীর্ঘদিন ধরে নীরবে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় সহায়তা করে আসছেন তিনি। তাঁর নিঃস্বার্থ মানবিক উদ্যোগ দর্শকদের জন্য হয়ে উঠবে অনুপ্রেরণার উৎস।
 

এ ছাড়া থাকছে কাশেম টিভির রিপোর্টার ও তাঁর নাতির প্রাণবন্ত আলাপচারিতা। নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্বের পাশাপাশি সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে থাকছে বেশ কিছু তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক নাট্যাংশ।
 

গণমানুষের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্বটি আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।
 

উল্লেখ্য, ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন দেশের জনপ্রিয় নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত।