বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন: তারেক রহমান

জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন: তারেক রহমান

ঢাকা প্রেস নিউজ
 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, "বিএনপির সকল শক্তির উৎস জনগণ।" জনগণের মন জয় করেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, "আমরা ক্ষমতায় যাইনি, যাব কিনা জানি না। তবে তখনই ক্ষমতায় যেতে পারব, যখন জনগণের সমর্থন পাব।"
 

তারেক রহমান বলেন, বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব নেতাকর্মীদের হাতে। জনগণকে সঙ্গে নিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দলকে রক্ষা এবং তার কার্যক্রম সফল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, "জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখা আমাদের সবার দায়িত্ব।"

 

সোমবার (২ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির প্রদত্ত ৩১ দফা বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক রহমান। কর্মশালায় খুলনা ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।
 

তিনি বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন। মানুষ এখন আরও বেশি সচেতন। ভুল করলে নেতাকর্মীদের সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্বও দলের নেতাদের। তারেক রহমান বলেন, "দেশ সবার জন্য। বিএনপি সব সময় দেশের মানুষের কথা চিন্তা করে। ৩১ দফা তারই প্রমাণ।"

 

তারেক রহমান জানান, এই ৩১ দফা শুধু বিএনপির জন্য নয়, বরং দেশের গণতান্ত্রিক সব দলের জন্য উপযোগী। এটি সফল করতে হলে জনগণের সমর্থন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। "৩১ দফার প্রতিটি বিষয় জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে হবে," তিনি বলেন।
 

তিনি আরও উল্লেখ করেন, "গত ১৭ বছরে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৩১ দফা জনগণের কাছে পৌঁছানো সম্ভব।"


তারেক রহমান প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনার কথা জানান। এটি পরিবারের মা বা স্ত্রীর নামে দেওয়া হবে, যা তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। তিনি বলেন, "এই কার্ডের মাধ্যমে সাশ্রয়কৃত অর্থ সন্তানের স্বাস্থ্য ও শিক্ষায় ব্যয় করা সম্ভব। এতে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে আরও শক্তিশালীভাবে।"
 

কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালুর কথাও উল্লেখ করেন তিনি, যা কৃষি উপকরণ এবং আর্থিক সহায়তা পেতে সহায়ক হবে। তিনি বলেন, "নারীদের মর্যাদা ও ক্ষমতায়নকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।"

 

কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিদ্য ইসলাম অমিত। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল, প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য ও গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীমসহ অন্যান্য নেতাকর্মী। খুলনা বিভাগের ১১টি ইউনিটের নেতাকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।