বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:২৪:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর শপিংমলে ভাঙচুর-লুটপাট, ক্ষতির দাবি ৫ কোটি টাকা

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর শপিংমলে ভাঙচুর-লুটপাট, ক্ষতির দাবি ৫ কোটি টাকা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

 

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার পর চাঁচকৈড় বাজারে ‘রাশ মেগা মল’ নামে একটি শপিংমলে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। শপিংমলটির স্বত্বাধিকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইন দাবি করেছেন, হামলায় প্রায় পাঁচ কোটি টাকার মালামাল লুট হয়েছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে গত ১৪ অক্টোবর দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
 

শাকিলকে কুপিয়ে হত্যার  ঘটনায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

মঙ্গলবার রাত ৯টার দিকে গুরুদাসপুরের জোহা কলেজ মাঠে শাকিলের জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের ভাষ্য, জানাজা শেষে শতাধিক ব্যক্তি চাঁচকৈড় বাজারে অবস্থিত রাশ মেগা মলে হামলা চালান। এ সময় তাঁরা শপিংমলটিতে ভাঙচুর ও লুটপাট করে পরে ঘটনাস্থল ত্যাগ করেন।
 

শপিংমলটির মালিক রাসেল হোসাইন যুক্তরাষ্ট্রপ্রবাসী। স্থানীয় কয়েকজনের অভিযোগ, শাকিলকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর সঙ্গে রাসেলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের জের ধরে শপিংমলটিতে হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁদের ধারণা। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
 

রাসেল হোসাইন অভিযোগ করেন, শপিংমলটি চালুর পর থেকেই একটি মহল বিভিন্নভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আসছিল। শাকিলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই মহল আবারও সুযোগ নিয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ঘটনার পর শপিংমল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার গণমাধ্যমকে বলেন, কিছু সুযোগসন্ধানী ব্যক্তি মব সৃষ্টি করে একজন প্রবাসীর ক্ষতিসাধন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।