সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩২:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’

আদালত থেকে বেরিয়ে তিশা বললেন, ‘দরকার হলে আরও পাঁচবার আসব’

বিনোদন ডেস্ক


 

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন বর্ধিত করার আবেদন মঞ্জুর করেছেন।
 

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন।
 

আদালত থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিশা। এ সময় তিনি বলেন, ‘অনেকের মনে হতে পারে, আমি আবার আদালতে এলাম কেন? কারণ, আমি আইনের প্রতি বিশ্বাস করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকেই আমি আবারও আসছি। আমার যদি আরও পাঁচবার আসা লাগে, আমি আবারও আসব।’
 

মামলার বাদীপক্ষের বিষয়ে তিশা বলেন, ‘যিনি মামলাটি করেছেন, তিনি তাঁর স্বামীর ক্ষমতা দেখিয়ে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এটি করেছেন। এটা আপনারা হয়তো জানেন না, তারা একটা সিন্ডিকেট।’
 

ঘটনাটি ‘সোলজার’ সিনেমার শুটিং শুরুর দুই দিন পরের বলে জানান তিশা। তাঁর ভাষ্য, শুটিংয়ের মধ্যেই এসব ঘটনা ঘটে। তিনি বলেন, ‘এর পেছনে কে বা কারা আছে, আমি জানতেই চাই না। তারা প্রতারণার অভিযোগ আনার আগে আমাকে বলতে পারত। এখন কে কেন, কী কারণে কী করছে, কিছুই জানতে চাই না। আমি চাই, আইন আমাকে একটা ন্যায়বিচার দিক। আইনের প্রতি আমার সেই সম্মান আছে, বিশ্বাস আছে।’
 

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন।
 

মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে ডিবি তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত গত ১২ জুলাই তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। একই সঙ্গে ১৩ আগস্ট তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
 

এরপর ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তানজিন তিশা। পরে মামলাটি পরবর্তী বিচারের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে পাঠানো হয়।
 

তবে মামলার অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাঁকে ‘উপহার’ হিসেবে দেওয়া হয়েছিল।