নিজস্ব প্রতিনিধি, বরগুনা:
বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে চার হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মাদক সংরক্ষণ ও সংশ্লিষ্টতার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন তাদের জামাতা।
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সেলিম প্যাদা (৫৫) ও তার স্ত্রী মোসা. কহিনুর (৪০)। এ ঘটনায় পলাতক রয়েছেন তাদের জামাতা সবুজ মৃধা (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনাখালী এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় কহিনুরের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালানো হয়। সেখানে একটি প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা আরও চার হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেন পুলিশ সদস্যরা।
পুলিশের তথ্যমতে, উদ্ধার করা চার হাজার ৭০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পলাতক সবুজ মৃধা টেকনাফসহ বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে শ্বশুর-শাশুড়ির বাড়িতে মজুত রাখতেন। পরে অটোরিকশায় করে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে এসব ইয়াবা বিক্রি করা হতো। অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার দম্পতি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক সবুজ মৃধাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান অব্যাহত রেখেছে।







