সাবের আহমেদ মজুমদার,স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। এ সময় সড়কের দুই পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে।
এর আগে সোমবার একই দাবিতে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে শ্রমিকরা কয়েক দফায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে বেলা ৩টার দিকে আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিছিল নিয়ে সড়কে অবস্থান নেন এবং অবরোধ সৃষ্টি করেন।
অবরোধের পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে ১৫ মিনিটের মধ্যে সড়ক থেকে সরিয়ে দেয়। তবে কিছুক্ষণ পর শ্রমিকরা আবারও সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অবস্থান করছেন। পাশাপাশি অবরোধ প্রতিহত করতে সড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীকেও অবস্থান নিতে দেখা গেছে।
শ্রমিকদের অবরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।







