ঢাকা প্রেস নিউজ
দেশের বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাত দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বিভাগীয় কমিশনারদের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর), হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তামিম খান।
মনজিল মোরসেদ জানান, সারাদেশে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে এইচআরপিবি একটি রিট পিটিশন দাখিল করে। সেই রিটের শুনানি শেষে আদালত অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে রুল জারি করেন। তবে এ বিষয়ে বিভাগীয় কমিশনারদের কাছ থেকে কোনো কার্যকর উদ্যোগ বা অগ্রগতির প্রতিবেদন না পাওয়ায় এইচআরপিবি আদালতে একটি আবেদন করে।
আবেদনে উল্লেখ করা হয় যে, অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত ইট উৎপাদন ও ভাটা পরিচালনার মৌসুম। এই সময়ে অসংখ্য অবৈধ ইটভাটা কার্যক্রম শুরু করেছে বা শুরু করার প্রক্রিয়ায় রয়েছে, যা পরিবেশের জন্য গুরুতর হুমকি। অবৈধ ইটভাটাগুলো যেন তাদের কার্যক্রম শুরু করতে না পারে, সেজন্য আদালতে এই আবেদন জমা দেওয়া হয়।
শুনানি শেষে হাইকোর্ট নির্দেশ দেন, দেশের আটটি বিভাগের অবৈধ ইটভাটাগুলো যেন কোনোভাবেই তাদের কার্যক্রম শুরু করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে। পাশাপাশি, সাত দিনের মধ্যে বিভাগীয় কমিশনারদের নিজ নিজ এলাকায় অবৈধ ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া, নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আদালতে দাখিল করারও নির্দেশ দেওয়া হয়েছে।







