প্রকাশকালঃ ২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৬:১৮ সময়

মোঃ হানিফ মিয়া, লালমনিরহাট প্রতিনিধি:
উচ্চশিক্ষার পথ সহজ করতে লালমনিরহাটের চারজন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান।
সহায়তা পাওয়া শিক্ষার্থীরা হলেন—কালীগঞ্জ উপজেলার কাশীরাম এলাকার মো. ফারহান সাদিক, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত; সদর উপজেলার মোছা. রহিমা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা বিভাগে অধ্যয়নরত; কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার নয়ন কুমার রায়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত এবং সদর উপজেলার কালমাটি এলাকার লাভলু মিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যয়নরত।
আর্থিক সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান শিক্ষার্থীদের শুভকামনা জানান। তিনি বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
জেলা প্রশাসক আরও বলেন, লালমনিরহাটের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।