প্রকাশকালঃ ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪২ সময়

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও নৈশভোজের আয়োজন করেছে জাতীয়তাবাদী পটিয়া ফোরাম-সংযুক্ত আরব আমিরাত শাখা।
১ সেপ্টেম্বর সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী পটিয়া ফোরাম-সংযুক্ত আরব আমিরাতের সভাপতি নুরুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক শওকত আলী সাকিব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, জাতীয়তাবাদী পটিয়া ফোরামের প্রধান উপদেষ্টা, আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং ইউএই বিএনপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য জননেতা হাজী মুহাম্মদ আবুল বশর সিআইপি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী পটিয়া ফোরামের উপদেষ্টা নুরুল করিম বাবলু, সহসভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আয়ুব নবী, প্রচার সম্পাদক শহীদুল আলমসহ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হাবীব, মুবারক, তারেক, রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা ও রাজনৈতিক দর্শনের ফসল বিএনপি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নারীর কর্মসংস্থান, শিক্ষা ও দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মামলা, জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপি দেশের মানুষের পাশে থেকেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশবিরোধী ও অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থেকে দেশি-বিদেশি সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।