প্রকাশকালঃ ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২০ সময়

তাস ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার, পলাতকদের ধরতে অভিযান অব্যাহত

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহরের আকমল আলী এলাকায় একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম, বিভিন্ন রঙের ১৫ প্যাকেট তাস এবং নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা আরও ৮ থেকে ১০ জন পালিয়ে যায়।
বুধবার (২ সেপ্টেম্বর) ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতীকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, দক্ষিণ হালিশহরের আকমল আলী খালপাড় সিডিএ বালুর মাঠসংলগ্ন আমবাগান এলাকায় বাঁশ ও ত্রিপাল দিয়ে তৈরি একটি অস্থায়ী টংঘরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসানো হচ্ছিল। স্থানীয়ভাবে পরিচিত জুয়াড়ি ওসমান গনি ওই ঘরটি নির্মাণ করে জুয়ার আসর পরিচালনা করছিলেন বলে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাদ্দাম (৩৫), বাসুদেব (৩৫), আবদুল মজিদ (৪০), মো. আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬) ও মো. সাইদ হোসেন শাকিল (২৬)।
পুলিশের দাবি, এর আগে আকমল আলী পকেট গেটসংলগ্ন খালপাড় এলাকায়ও দীর্ঘদিন ধরে জুয়ার আসর পরিচালনা করা হচ্ছিল। প্রায় তিন-চার মাস আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই জুয়ার ঘরটি ভেঙে দেয়। পরে ওসমান গনি গভীর আমবাগানের ভেতরে নতুন করে জুয়ার ঘর তৈরি করে আবারও জুয়ার আসর বসান বলে পুলিশ জানিয়েছে।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ আতীকুর রহমান, বিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পলাতক জুয়াড়ি ও সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের পাশাপাশি পলাতক ওসমান গনিসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করা হয়েছে। ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা মামলাটি জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫, ১৮ ও ২৭ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার ছয়জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে চট্টগ্রাম মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে।