প্রকাশকালঃ ২৮ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫২ সময়

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

ছবি: ঐতিহাসিক মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার ছবি ও বর্তমানে সেই স্থান।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধসংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ছবি অপসারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে অপসারণ করা ছবিগুলো পুনরায় স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি অনুদানে নির্মিত ওই মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার মুরালাকৃতির ছবি স্থাপন করা ছিল। প্রায় এক মাস আগে মাধবপুরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের নির্দেশে ছবিগুলো ‘অপ্রাসঙ্গিক’ উল্লেখ করে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তৎকালীন ইউএনও বদলি হওয়ার পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানাতে শুরু করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারাও এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ বলেন, “দীর্ঘদিন ধরে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার ছবি ছিল। কোনো যথাযথ প্রক্রিয়া ছাড়া ছবিগুলো অপসারণ করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
এ ঘটনায় মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. অলিদ মিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তিনি এক পোস্টে জাতীয় চার নেতার ছবি অপসারণের কারণ নিয়ে প্রশ্ন তোলেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জাতীয় নেতাদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও মন্তব্য করেন, ঐতিহাসিক নেতাদের ছবি অপসারণ বা মুছে ফেলার সংস্কৃতি চালু থাকলে ভবিষ্যতে সময়ের ব্যবধানে অন্যরাও এ ধরনের অপসংস্কৃতির শিকার হতে পারেন।
এ বিষয়ে মাধবপুরের বর্তমান ইউএনও মেহেদী হাসানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।