প্রকাশকালঃ ২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৪৬ সময়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যালয়ের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মোতালেব নামে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার টিফিনের সময় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ের বাথরুমে যায়। এ সময় সেখানে একা পেয়ে শিক্ষক আব্দুল মোতালেব তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে ছাত্রীটি বাথরুম থেকে বের হয়ে বিদ্যালয়ের অফিসে থাকা এক শিক্ষিকাকে বিষয়টি জানায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি মীমাংসার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় নেতা কাজী মোশারফ হোসেন মধ্যরাত পর্যন্ত দেনদরবার করেন। এ সময় তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরে পুলিশ ঘটনাটি জানতে পেরে মধ্যরাতে বিদ্যালয় এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। একই সঙ্গে ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক প্রধান জানান, মামলার পর গ্রেপ্তার শিক্ষক আব্দুল মোতালেবকে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকে থানায় রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে।