প্রকাশকালঃ ২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৬:৫৫ সময়

মো. জাকারিয়া কামাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযানে মাদক সেবনের অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মুরাদনগর উপজেলা সদরের জালোপাড়ার অপু চন্দ্র বর্মনের ছেলে দুর্জয় চন্দ্র বর্মন (১৮), রামধনীমোড় এলাকার মো. জামালের ছেলে মো. কামাল (২২), রহিমপুর গ্রামের তরু মিয়ার ছেলে মো. সেলিম (২৩), উপজেলা সদরের উত্তরপাড়ার খোরশেদ আলমের ছেলে মো. হাকিম (২৮), বাখরনগর গ্রামের মনির মিয়ার ছেলে এমরান (২৩), কোম্পানীগঞ্জ নগরপাড় এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে মো. সবুজ (২৮), ধামঘর গ্রামের জজ মিয়ার ছেলে শাকিল (২০), ধনীরামপুর গ্রামের মিলন বর্মনের ছেলে রোদ্র বর্মন (১৮), কিছমত রহিমপুর গ্রামের চন্দন রবি দাশের ছেলে রনক রবি দাশ (১৮), দৌলতপুর গ্রামের কবিরের ছেলে মো. হৃদয় (১৮), দেবিদ্বার থানার রসুলপুর গ্রামের সুলতানের ছেলে মো. দেলোয়ার (১৮) এবং রহিমপুর গ্রামের ধনু মিয়ার ছেলে মো. কামরুল (৩০)।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খাঁনের নেতৃত্বে মুরাদনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদসহ পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ১২ জনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খাঁন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খাঁন বলেন, মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, কারাদণ্ডপ্রাপ্ত ১২ জনকে বুধবার দুপুরে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।