প্রকাশকালঃ ২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৫৬ সময়

নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সমন্বিত মূল্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়। এর আগে এ তেলের দাম ছিল ১৯৯ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ভোজ্যতেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত ওই বৈঠক শেষে তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও এর প্রভাব পড়ছে।
তিনি বলেন, বাংলাদেশ যেসব পণ্যের ক্ষেত্রে আমদানিনির্ভর, সেসব পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য বৃদ্ধি সরাসরি আমদানি ব্যয় বাড়িয়ে দেয়। সয়াবিন তেল সম্পূর্ণ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়ে।
সর্বশেষ মূল্য সমন্বয়ের ফলে এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেল ২০৪ টাকায় বিক্রি হবে।