আবদুল হাকিম রানা, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং যৌতুকপ্রথা বন্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় ছাত্র শক্তি পটিয়া উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পটিয়া থানার মোড় চত্বরে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী, নিহত দুই নারীর পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় ছাত্র শক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তৌকির, মুখ্য সংগঠক মিছকাত আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সাকিবুল ইসলাম সাকিব এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ আশরাফুল (সিফাত)।
বক্তারা বলেন, যৌতুকের দাবিতে নারীর ওপর নির্যাতন এবং এর ফলে প্রাণহানির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যৌতুকপ্রথা নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম বড় বাধা। এ ধরনের সামাজিক ব্যাধি নির্মূলে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করে ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রচলিত আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
সমাবেশ থেকে বক্তারা যৌতুকপ্রথা নির্মূল, নারীর প্রতি সব ধরনের নির্যাতন প্রতিরোধ এবং নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।







