মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:৫৫:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

রাজধানীতে এ মাসের সর্বোচ্চ বৃষ্টি

রাজধানীতে এ মাসের সর্বোচ্চ বৃষ্টি

রাজধানীতে গতকাল মঙ্গলবার রাতে বৃষ্টি হয়েছিল। এর পরিমাণ অবশ্য বেশি ছিল না, ৩ মিলিমিটার। আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। সকাল সাড়ে নয়টার দিকে চারদিক অন্ধকার হয়ে আসে। ঘন কালো মেঘে ছেয়ে যায় আকাশ। শুরু হয় ঝোড়ো হাওয়া। এর সঙ্গী হয়ে আসে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি চলতি মে মাসের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ।

আজ সকাল ছয়টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস দেয়। সেখানে বলা হয়, অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। এটি দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ বেলা সাড়ে ১১টার পর প্রথম আলোকে বলেন, ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে আজ। এটা এখন পর্যন্ত এ মাসের সর্বোচ্চ বৃষ্টি রাজধানীতে।


বৃষ্টির পর দুপুর ১২টার দিকে রোদ উঠতে শুরু করে। আজ আর বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই জানান আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

আজ সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবার দেশের পাঁচ জেলায় মৃদু তাপপ্রবাহও বয়ে যেতে পারে। সেই জেলাগুলো হলো রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, কুষ্টিয়া ও যশোর।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে ৪৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরা হয়। দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় তিনটি স্টেশন বাদ দিয়ে সবখানেই কমবেশি বৃষ্টি হয়েছে।


গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ১০০ মিলিমিটার।

গতকাল সন্ধ্যা ছয়টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়, ১৯ দশমিক ডিগ্রি সেলসিয়াস।