সবজি হিসেবে মিষ্টি কুমড়া জনপ্রিয়। এর শাক যেমন পুষ্টিকর ও সুস্বাদু তেমনি বীজও খুব উপকারী।
মিষ্টি কুমড়ার পুষ্টিগুণ
১০০ গ্রামের মিষ্টি কুমড়ায় ১৮ কিলোক্যালরি, ১.৪ গ্রাম প্রোটিন, ১.৩ গ্রাম কার্বোহাইড্রেট, ২.৪ গ্রাম ফাইবার, ৫২ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৭১ মিলিগ্রাম আয়রন, ১০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, ১৬ মিলিগ্রাম ফসফরাস, ৩৪৯ মিলিগ্রাম পটাসিয়াম, ৮ মিলিগ্রাম সোডিয়াম, ০.১১ মিলিগ্রাম জিংক, ০.২১ মিলিগ্রাম কপার, ৩৬৯ মাইক্রোগ্রাম ভিটামিন-এ, ৪৪৩০ মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন, ১৬ মাইক্রোগ্রাম ফোলেট ও ২১.১ মাইক্রোগ্রাম ভিটামিন-সি পাওয়া যায়।
স্বাস্থ্যগত উপকারিতা
* নিয়মিত মিষ্টি কুমড়া খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে হজমে সহায়তা করে, নিয়মিত এটি খেলে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায়।
* মিষ্টি কুমড়া অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ, এটি নিয়মিত গ্রহণে বেশ কিছু মারাত্মক রোগ যেমন- ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ থেকে দূরে থাকা যায়।
* মিষ্টি কুমড়ায় থাকা ভিটামিন ‘এ’ ও ‘সি’ ত্বকের যত্নে অনন্য। নিয়মিত এই সবজি খেলে ত্বক থাকে কোমল ও মসৃণ।
* ম্যাগনেসিয়াম পাওয়া যায় মিষ্টি কুমড়া থেকে। এই উপাদান স্ট্রেস কমাতে সাহায্য করে।
* পটাসিয়ামের উৎস এই সবজি নিয়মিত খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে দূরে থাকা যায় কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে।
* নিয়মিত এই সবজি গ্রহণে লিভার ভালো থাকে।








