নারায়ণগঞ্জ প্রতিনিধি:
গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে শুনানিতে অংশ নেওয়ার পর তার জামিন মঞ্জুর করা হয়।
আদালতের কার্যক্রম শেষে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। এ সময় তাকে ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না’ বলতে শোনা যায়।
মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আদালতে পৌঁছান। পরে পুলিশি প্রহরায় তাকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক আইনজীবী, সাংবাদিক ও তার সমর্থকেরা উপস্থিত ছিলেন।
শুনানিতে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন আদালতকে বলেন, এ মামলায় পুলিশ ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে বিস্ফোরকের কোনো আলামত কিংবা মামলার সঙ্গে আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আদালতের নোটিশ পাওয়ার পরও মামলার বাদী ও নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম হাজির হননি।
আইভীর আইনজীবী আরও বলেন, এর আগে এ মামলায় তার মক্কেলকে জামিন দেওয়া হয়েছিল। এ অবস্থায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের পাশাপাশি আইভীর পুনরায় জামিন মঞ্জুরের আবেদন জানান তারা।
অন্যদিকে, জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন। তিনি জানান, জামিনের বিরুদ্ধে তারা নারাজি পিটিশন দাখিল করবেন।
এ সময় আইভীর আইনজীবী আওলাদ হোসেনসহ আসামিপক্ষের অন্য আইনজীবীরা পিপির কাছে জানতে চান, কোন আইনের অধীনে তিনি নারাজি পিটিশন দাখিল করবেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।
মামলার প্রেক্ষাপট
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিকশাচালক তুহিন নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি করা হয়েছে। সেলিনা হায়াৎ আইভী এ মামলার ১১ নম্বর আসামি।
এদিকে, বুধবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আইভীর বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলায় হাজিরার দিন ধার্য রয়েছে।







