নিজস্ব প্রতিবেদক
জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ল্যাপটপ উদ্ধার করে তাঁর হাতে তুলে দিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। একপর্যায়ে নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য তিনি স্টেশনের অপেক্ষাকক্ষে অবস্থান করছিলেন। এ সময় ল্যাপটপ ও ক্যামেরা সেখানে রেখে পাশের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান। ফিরে এসে নিজের জিনিসপত্র খুঁজে না পেয়ে তিনি নাটোর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান।
হারিয়ে যাওয়া ল্যাপটপে তাঁর গত ছয় মাসের কর্মকাণ্ডের তথ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তাঁর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ল্যাপটপ উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এ কাজে নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল গঠন করা হয়।
পুলিশের সমন্বিত প্রচেষ্টায় রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি (ম্যাকবুক) উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে সেটি পর্যটকের কাছে হস্তান্তর করা হয়।
ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণে তাঁর ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
এদিকে, বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার এবং বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।
এ সময় আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও আস্থা অর্জন, পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের নির্দেশনা দেন।







