বগুড়া প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্মিজ চাকু প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বগুড়ায় কিশোর গ্যাং ‘সুইট গ্রুপের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ও নম্বরপ্লেটবিহীন ১৫০ সিসির পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন—শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া এলাকার মো. এরশাদুল রহমানের ছেলে এবং ‘সুইট গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত এরিন আহম্মেদ সুইট (১৯) এবং একই উপজেলার বিলকেশপাথার এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম (১৯)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল জানান, সম্প্রতি ‘সুইট’ নামের এক তরুণের হাতে বার্মিজ চাকু প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের দাবি, বিশেষ কায়দায় চাকু প্রদর্শনের ওই ভিডিও জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ভয়ভীতি ছড়ানোর উদ্দেশ্যে ধারণ ও প্রচার করা হয়েছিল।
ভিডিওটি প্রশাসন ও সচেতন মহলের নজরে এলে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিবি পুলিশ।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রুবেল প্রামাণিকের নেতৃত্বে একটি দল ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে এরিন আহম্মেদ সুইট ও মিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু এবং নম্বরপ্লেটবিহীন ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







