বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:০৮:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন অ্যাটর্নি জেনারেলের

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন অ্যাটর্নি জেনারেলের

ঢাকা প্রেস নিউজ ডেস্ক

 

 

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও আবেদন জানিয়েছেন তিনি।
 

বৃহস্পতিবার বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের পক্ষে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনকালে এ আবেদন জানান অ্যাটর্নি জেনারেল।
 

এদিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ফেসবুক পেজে মামলার বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। অন্যদিকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নেন আসামি জিয়াউল আহসান।
 

যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও হত্যার ঘটনাগুলো শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত ছিল না, বরং সরাসরি মানুষের জীবনের ওপর আঘাত হেনেছে। এসব ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
 

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান। এ কারণে এই বিচার শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র মানবতার পক্ষে জবাবদিহি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দাবি।
 

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই বিচার নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে পারবে না। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের দীর্ঘদিনের বেদনাও দূর করতে পারবে না। তারপরও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ বিচার অত্যন্ত জরুরি। তাঁর ভাষায়, জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড হলেও তা হবে সমুদ্রের এক বিন্দু শিশিরকণার মতো।
 

রুহুল কুদ্দুস কাজল বলেন, মানুষের জীবন ও মৃত্যুকে জিয়াউল আহসান এমনভাবে বিবেচনা করেছেন, যেন তা কোনো খেলার বিষয়। অথচ রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। ন্যায়বিচারের মাধ্যমে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য কঠোর বার্তা দেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
 

এর আগে গত মঙ্গলবার এ মামলায় সমাপনী যুক্তিতর্ক শুরু হয়। সেদিন আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
 

গত দুই দিনে প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামীম। এর আগে গত ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শেষ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
 

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ১৪ জানুয়ারি তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
 

জিয়াউল আহসান সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।