বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:৫২:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

রমজানে কিয়ামুল লাইলের গুরুত্ব ও ফজিলত

রমজানে কিয়ামুল লাইলের গুরুত্ব ও ফজিলত

রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো কিয়ামুল লাইল। তাহাজ্জুদ, তারাবি, কিয়ামুল লাইল, কিয়ামু রমজান সব কিছুকে এককথায় ‘সালাতুল লাইল’ বা ‘রাতের নফল সালাত’ বলা হয়। রমজানের প্রধান কিয়ামুল লাইল হলো তারাবি। তারাবির ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সঙ্গে ও সওয়াব লাভের আশায় কিয়ামুল লাইল আদায় করবে, তার আগের সব পাপ ক্ষমা করা হবে। ’ (বুখারি, হাদিস : ৩৭)


তবে তারাবি পড়ার ক্ষেত্রে ইমাম সালাত পরিপূর্ণ করা পর্যন্ত মসজিদে ইমামের সঙ্গে সালাত আদায় করতে হবে। ইমামকে রেখে চলে গেলে এই ফজিলত অর্জিত হবে না। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘ইমামের সঙ্গে যদি কোনো ব্যক্তি নামাজে শামিল হয় এবং ইমামের সঙ্গে নামাজ আদায় শেষ করে, তার জন্য সারা রাত (নফল) নামাজ আদায়ের সাওয়াব লিপিবদ্ধ করা হয়।’ (তিরমিজি, হাদিস : ৮০৬)


সারা মাস এই সালাতের বিধান দেওয়ার হিকমত হলো বান্দা যেন এই এক মাস এই সালাতের প্রশিক্ষণ নিয়ে বছরের বাকি দিনগুলোতেও এই সালাতে অভ্যস্ত হতে পারে। কারণ আল্লাহর নৈকট্য অর্জনে অন্যতম বড় মাধ্যম হলো কিয়ামুল লাইল। সারা বছর কিয়ামুল লাইলের সালাত হলো তাহাজ্জুদ। রাসুলুল্লাহ (সা.) এই সালাতকে এত বেশি গুরুত্ব দিতেন যে, তিনি কখনো এই সালাত পরিত্যাগ করতেন না। যদি অসুস্থ থাকতেন তবে বসে হলেও কিয়ামুল লাইল আদায় করতেন।


আয়েশা (রা.) বলেন,‌ ‘তুমি কিয়ামুল লাইল পরিত্যাগ কোরো না। কেননা রাসুলুল্লাহ (সা.) কখনো এটা ছাড়তেন না। তিনি অসুস্থ থাকলে বা অলসতা লাগলে বসে হলেও কিয়ামুল লাইল আদায় করে নিতেন।’ (আবু দাউদ, হাদিস : ১৩০৭)


তাহাজ্জুদ হলো রাতের শেষাংশে আদায় করার নামাজ। রাসলুল্লাহ (সা.) দীর্ঘ কিরাতসহ সাধারণত আট রাকাত তাহাজ্জুদ ও তিন রাকাত বিতর নামাজ আদায় করতেন। (বুখারি, হাদিস : ১০৯৬)

তবে অনেক সময় চার/ছয়/দশ/বারো রাকাতও আদায় করেছেন। (বুখারি, হাদিস : ১০৮৮)


তাহাজ্জুদ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কমপক্ষে দুই রাকাত হলেও তা আদায় করা উচিত। আর তারাবি ও তাহাজ্জুদ এক নয়। দুটি ভিন্ন ভিন্ন নামাজ। তাহাজ্জুদ সারা বছর রাতের শেষাংশে আদায় করার নামাজ। পক্ষান্তরে তারাবি শুধু রমজান মাসে রাতের প্রথমাংশে আদায় করার নামাজ। ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদ নামাজ।’ (মুসলিম, হাদিস : ২৮১২)


কিয়ামুল লাইল আদায় করা আগের নেককার বান্দাদের চিরায়ত অভ্যাস ছিল। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে। কেননা এটা তোমাদের পূর্ববর্তী সৎকর্মশীল বান্দাদের অভ্যাস, আর এটা তোমাদের রবের নৈকট্য লাভের উপায়, গুনাহসমূহের কাফফারা এবং পাপের প্রতিবন্ধক।’ (তিরমিজি, হাদিস : ৩৫৪৯)


সুতরাং সাধ্যানুযায়ী অল্প হলেও রাতের সালাতে অভ্যস্ত হওয়া উচিত। যদি শেষ রাতে তাহাজ্জুদ পড়া সম্ভব না হয়, তবে এশার পরে ঘুমের আগে দুই রাকাত বা চার রাকাত সালাত আদায়ের মাধ্যমে আমরা কিয়ামুল লাইলের সওয়াব অর্জন করতে পারি। আবদুল্লাহ ইবনে মাসউদ ও আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে মাওকুফ সূত্রে বর্ণিত হয়েছে যে, ‘যে ব্যক্তি এশার পরে চার রাকাত সালাত আদায় করবে, সেটা হবে লাইলাতুল কদরের সালাতের মতো মর্যাদাপূর্ণ।’ (মুসান্নাফ ইবনু আবি শায়বাহ, হাদিস : ৭৪৬৭)


রাসুলুল্লাহ (সা.) মসজিদে এশার সালাত আদায় করে বাড়িতে এসে ঘুমের আগে এই চার রাকাত সালাত আদায় করতেন। (বুখারি, হাদিস : ১১৭)

তাই যারা রমজানে তারাবির সালাত আদায় করবে, তাদের জন্য এই সালাতে অভ্যস্ত হওয়া মোটেও কঠিন নয়।