বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:২৪:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

কোরআনে লোক দেখানো নামাজির ব্যাপারে যা বলা হয়েছে

কোরআনে লোক দেখানো নামাজির ব্যাপারে যা বলা হয়েছে

নিয়তের অসততা ইবাদতকে ত্রুটিযুক্ত করে ফেলে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করার মাধ্যমে নিয়ত ত্রুটিযুক্ত হয়। যেমন—মানুষের প্রশংসা, সামাজিক প্রভাব ও কারো দৃষ্টি আকর্ষণ ইত্যাদির মোহে ইবাদত করা। ইসলামী পরিভাষায় একে ‘রিয়া’ এবং বাংলা ভাষায় লোক দেখানো বা প্রদর্শনপ্রিয়তা বলা হয়। প্রতিদিন পাঁচবার নামাজ পড়া ফরজ। কিন্তু যথাযথভাবে নামাজ না পড়লে নামাজ কবুল হয় না। কোরআন ও সুন্নাহর নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা জরুরি। এর ব্যত্যয় ঘটলে হিতেবিপরীত হতে পারে।


অর্থাৎ নামাজ কোনো কোনো ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। যারা লোক দেখানো নামাজ পড়ে, তাদের নামাজ কবুল হয় না। মহান আল্লাহ বলেন, ‘সুতরাং ধ্বংস সেসব নামাজির জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন—যারা লোক দেখানোর জন্য তা করে।’ (সুরা মাউন, আয়াত : ৪-৬)

 

লোক দেখানো নামাজ মুনাফিকদের নামাজ। যেমন—মহান আল্লাহ অন্য আয়াতে বলেন, ‘নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। ওরা যখন নামাজে দাঁড়ায়, তখন অলসভাবে দাঁড়ায়—লোক দেখানোর উদ্দেশে। আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে।’ (সুরা নিসা, আয়াত : ১৪২)


পবিত্র কোরআনে মহান আল্লাহ লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘...যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাতের আশা রাখে, সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে অংশীদার না করে। ’ (সুরা : কাহাফ, আয়াত : ১১০)


রাসুল (সা.) রিয়া বা লোক দেখানো আমলকে ছোট শিরক বলেছেন। তিনি বলেন, ‘আমি তোমাদের ব্যাপারে ছোট শিরক নিয়ে যত ভয় পাচ্ছি, অন্য কোনো ব্যাপারে এত ভীত নই।’ সাহাবিরা বলেন, হে আল্লাহর রাসুল, ছোট শিরক কী? তিনি বলেন, রিয়া বা প্রদর্শনপ্রিয়তা। মহান আল্লাহ কিয়ামতের দিন বান্দার আমলের প্রতিদান দেওয়ার সময় বলবেন, ‘তোমরা পৃথিবীতে যাদের দেখানোর জন্য আমল করতে তাদের কাছে যাও। তাদের কাছে দেখো তোমাদের কোনো প্রতিদান আছে কি না?’ (মুসনাদে আহমদ, হাদিস : ২২৫২৮)

 

সহিহ বুখারি ও মুসলিমে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুনাফিকদের ওপর সবচেয়ে ভারী নামাজ হলো এশা ও ফজরের নামাজ। যদি তারা এই নামাজের ফজিলতের কথা জানত, তাহলে হাঁটুতে ভর দিয়ে হলেও এ নামাজে হাজির হতো। আমার মন চায় যে আমি তাকবির দিয়ে কাউকে ইমামতির স্থানে দাঁড় করিয়ে দিই, অতঃপর আমি লোকদের বলি, তারা যেন জ্বালানি কাঠ নিয়ে এসে ওই সব লোকদের বাড়ির চতুর্দিকে আগুন জ্বালিয়ে দেয় এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়—যারা জামাাতে হাজির হয় না।’ (মুসলিম, হাদিস : ৬৫১)। 

 

মূল কথা হলো, পূর্ণ আল্লাহভীতি, খুশু-খুজু ও একাগ্রতা ছাড়া নামাজ কবুল হয় না। মহান আল্লাহ আমাদের সেভাবে নামাজ পড়ার তাওফিক দান করুন।