বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

বিজয় দিবসে ফুলের তোড়া ছেঁড়ার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

বিজয় দিবসে ফুলের তোড়া ছেঁড়ার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের রৌমারীতে বিজয় দিবসে শ্রদ্ধা জ্ঞাপনের সময় হাতাহাতি ও ফুলের তোড়া ছিঁড়ে ফেলার অভিযোগে বিএনপির স্থানীয় এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান ও সম্পাদক মোস্তাফিজুর রহমানের সই করা এক পত্রে এ নোটিশ দেওয়া হয়। আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মোস্তাফিজুর রহমান।

 

ওই নেতার নাম শফিয়ার রহমান। তিনি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি। নোটিশে তিন কর্মদিবসের মধ্যে তাঁর কাছে এর জবাব চাওয়া হয়েছে।

 

বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, চলতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি ফুল দিতে যান দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের নেতা-কর্মীরা। বিএনপির নেতা-কর্মীরা শ্রদ্ধা জানানোর পর যুবদল, স্বেচ্ছাসেবক ও জিয়া সাইবার ফোর্সের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানাতে যান। এ সময় দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ফরিজ উদ্দিন নিজেদের লোকজন নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের নেতা-কর্মীদের শ্রদ্ধাঞ্জলি দিতে বাধা দেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হলে ফুলের তোড়া ছিঁড়ে ফেলা হয়। পরে তৃতীয় পক্ষের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া সাইবার ফোর্সের নেতা-কর্মীরা উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকের কাছে পৃথক লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে শফিয়ার রহমানের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে।

 

নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে শফিয়ার রহমান বলেন, ‘এখানে (নোটিশে) আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো মিথ্যা।’

 

এর আগেও শফিয়ার রহমানের বিরুদ্ধে দোকান দখল ও একটি কলরেকর্ড ফাঁসের ঘটনায় উপজেলা বিএনপি বিব্রত ছিল বলে জানান রৌমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।