শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সারাদেশে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করছে কারিগরি ছাত্র আন্দোলন

সারাদেশে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করছে কারিগরি ছাত্র আন্দোলন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

আজ শনিবার সারাদেশে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করছে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ। কর্মসূচির অংশ হিসেবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড়ে ঢেকে দেওয়া হচ্ছে। সকাল ১১টা ৩০ মিনিট থেকে একযোগে এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
 

ছাত্র আন্দোলনকারীরা জানান, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনদুর্ভোগ সৃষ্টি না করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সড়কের পাশে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন কর্মসূচিও পালন করা হবে।
 

সরকারের সঙ্গে আলোচনায় সমাধান না আসায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সারা দেশে কাফনের কাপড় পরে ছয় দফা দাবিতে বিক্ষোভ করেন তারা। বরিশালে মহাসড়ক অবরোধ এবং চট্টগ্রামে কফিন মিছিলসহ সিলেট, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহে বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
 

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর কাফন মিছিল বের করা হয়। তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় এই মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাথা ও শরীরে ছিল কাফনের কাপড়। মিছিলে বিভিন্ন স্লোগান শোনা যায়, যেমন: “মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার”, “এক হও এক হও, পলিটেকনিক এক হও”, “ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও”।
 

কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, “সচিবালয়ে বৈঠকের অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার আহ্বানে আমরা কর্মসূচি শিথিল করি, কিন্তু বৈঠকে গিয়ে দেখি উপদেষ্টা বা সচিব কেউই উপস্থিত নন। তাই বাধ্য হয়েই আমরা আরও কঠোর কর্মসূচি দিচ্ছি, তবে জনদুর্ভোগ সৃষ্টি না করে।”
 

এর আগে বুধবার সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এবং বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন। তবে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের ঘোষণা পেলে আন্দোলন শিথিল করা হয়। কিন্তু ফলাফল সন্তোষজনক না হওয়ায় আবারও আন্দোলনে ফিরে আসেন শিক্ষার্থীরা।
 

বরিশাল ব্যুরো জানিয়েছে, শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় কিছু শিক্ষার্থী কাফনের কাপড় পরে সড়কের ওপর শুয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ থাকায় দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
 

চট্টগ্রামেও শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে কফিন মিছিল করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে তারা এই প্রতীকী প্রতিবাদ করে।