মঈনুদ্দিন শাহীন (কক্সবাজার):
বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও আকস্মিক প্রবল স্রোতের তোড়ে ভেসে গিয়ে কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অন্তত দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। এছাড়া মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড় ৪টার দিকে হিমছড়ি সৈকত এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক সূত্রে জানা গেছে, নিহত তিন পর্যটক হলেন— সানি, আকাশ ও হারুন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজদের বিস্তারিত পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে পর্যটকদের একটি দল হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নামেন। এ সময় সাগরে তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ছয় পর্যটক মুহূর্তের মধ্যে পানির তোড়ে ভেসে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।
পরে পানি থেকে কয়েকজনকে উদ্ধার করে তড়িঘড়ি করে তীরে নিয়ে আসা হলেও সানি, আকাশ ও হারুন নামের তিনজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর এক পর্যটককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান জানান, “বিকেলে পর্যটকদের একটি দল সাগরে গোসল করতে নেমে সমুদ্রের প্রবল স্রোতের মুখে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হই। এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।”
তিনি আরও জানান, “নিখোঁজ থাকা অপর দুই পর্যটকের সন্ধানে পুলিশ, লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের টিম যৌথভাবে সমুদ্রে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরের আকস্মিক ভাটার টান বা তীব্র গুপ্ত স্রোতের (Rip Current) কবলে পড়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে সৈকত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পর্যটকদের নিরাপত্তায় তদারকি বাড়ানো হয়েছে।







