নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রেস:
রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ। বেআইনি চলাচল ও নিরাপত্তা ঝুঁকির কারণে ব্যাটারিচালিত ও অবৈধ অটোরিকশা আটক করে পাঠানো হচ্ছে ডাম্পিংয়ে। কিন্তু তা সত্ত্বেও থামানো যাচ্ছে না এগুলোর অবাধ চলাচল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিংবা অভিযানের তোয়াক্কা না করেই শহরের অলিগলি থেকে শুরু করে মূল সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ অটোরিকশা।
প্রত্যক্ষদর্শী ও রাজধানীর খিলগাঁও,কমলাপুর ও রামপুরার একাধিক স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পুলিশি অভিযানের ভয়ে অনেক সময় অটোরিকশা চালকরা উল্টো পথে বা বেপরোয়া গতিতে গাড়ি হাঁকান। এতে করে প্রধান সড়কগুলোতে প্রায়ই তীব্র যানজট ও মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। একটি এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অটোরিকশা আটক করার কিছুক্ষণ পরই অন্য গলি থেকে আরও বেশি সংখ্যক অটোরিকশা মূল সড়কে নেমে আসছে।
ট্রাফিক সংশ্লিষ্টদের মতে, স্থায়ী কোনো বিকল্প ব্যবস্থা বা উৎস মুখে এসব ব্যাটারিচালিত যানবাহনের উৎপাদন ও সংযোজন বন্ধ না করা পর্যন্ত শুধু সড়কে অভিযান চালিয়ে এদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। দ্রুতই সমন্বিত পদক্ষেপ না নিলে শহরের সামগ্রিক পরিবহন ব্যবস্থায় আরও বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।







