ঢাকা প্রেস ডেস্ক:
গোপালগঞ্জে সাম্প্রতিক আন্দোলন ও সহিংসতায় অর্থায়নের অভিযোগে সাবেক স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান, তাঁর স্ত্রী আশরাফুন নাহারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯৭ নেতাকর্মীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্যও তলব করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের লেনদেন এবং আয়ের উৎস খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি এ বিষয়ে দেশের বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে মোট ১০১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য যাচাই এবং জব্দের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
ব্যাংক হিসাব জব্দের তালিকায় সাবেক স্বাস্থ্য সচিব ও তাঁর স্ত্রী ছাড়াও রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান ভূঁইয়া এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন)।
তালিকায় আরও রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া, ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রিফাতুল আলম এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেন।
এনবিআরের এক কর্মকর্তা সমকালকে বলেন, আয়কর নথি যাচাই-বাছাই এবং ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনের স্বচ্ছতা পরীক্ষা করা হচ্ছে। ব্যাংক থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজস্ব বোর্ডের অধীনে চারটি গোয়েন্দা বিভাগ রয়েছে। এর মধ্যে আয়কর, ভ্যাট ও শুল্কসংক্রান্ত বিষয়ে কাজ করে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আয়করসংক্রান্ত বিষয় দেখভাল করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। অন্যদিকে ভ্যাট গোয়েন্দা হিসেবে কাজ করছে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং শুল্কসংক্রান্ত অপরাধ তদন্ত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব গোয়েন্দা বিভাগ যৌথভাবে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনের তথ্য যাচাই করছে।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে গত সপ্তাহে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এ সময় দুটি থানা, একটি বেসরকারি হাসপাতাল এবং সরকারদলীয় দুই সংসদ সদস্যের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। বিভিন্ন সড়কে অবরোধের কারণে একপর্যায়ে ঢাকা-খুলনা যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব আন্দোলনে অর্থায়নের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক আমলাসহ শতাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা এবং তাঁদের আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ এবং লেনদেনের তথ্য যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআরের তালিকায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের ৯৭ জন ব্যক্তি এবং আবাসন ও পরিবহন খাতের চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। ৯৭ জন ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাশিয়ানী উপজেলার ১৯ জন, গোপালগঞ্জ সদর উপজেলার ১৭ জন, টুঙ্গিপাড়া উপজেলার ১৫ জন এবং মুকসুদপুর উপজেলার ১৪ জন রয়েছেন।







