সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেশে থেকে যাওয়ার ইচ্ছা থেকেই বিসিএসে আসা,পুলিশ ক্যাডারে প্রথম তারিক-উল্লাহ্ বলেন

দেশে থেকে যাওয়ার ইচ্ছা থেকেই বিসিএসে আসা,পুলিশ ক্যাডারে প্রথম তারিক-উল্লাহ্ বলেন

৪৩তম বিসিএসে ক্যাডার পছন্দক্রম (ক্যাডার চয়েস) তালিকায় এম এম তারিক-উল্লাহ্‌র প্রথম পছন্দ ছিল পুলিশ ক্যাডার। এ বিসিএসের প্রকাশিত ফলে নিজের পছন্দ অনুযায়ী শুধু পুলিশ ক্যাডারই পাননি, এই ক্যাডারে প্রথমও হয়েছেন তিনি। এম এম তারিক-উল্লাহ্ বলেন, ‘যেহেতু আমার প্রথম পছন্দ ছিল পুলিশ ক্যাডার, তাই ফলের তালিকা খুলেই পুলিশ ক্যাডারে নিজের রোল খুঁজতে শুরু করি। প্রথমেই নিজের রোল দেখে অবিশ্বাস্য মনে হচ্ছিল। পাশের বন্ধুকেও মিলাতে বলে নিশ্চিত হই। আব্বুকে ফোন করে পুলিশে প্রথম হয়েছি এ কথা জানাতেও পারছিলাম না উত্তেজনায়।’

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে ২০১৯ সালে স্নাতক পাসের পর বিসিএসের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন এম এম তারিক-উল্লাহ্। করোনাভাইরাসের কারণে বাড়িতে থেকে প্রস্তুতি নিয়েছেন।

এম এম তারিক-উল্লাহ্ বলেন, ‘প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেছি। বন্ধুদের পরামর্শে বই কিনেছি। কয়েকজন বন্ধু একসঙ্গে প্রস্তুতি নিয়েছি। প্রিলিমিনারির ক্ষেত্রে বারবার রিভিশন এবং লিখিতের জন্য লেখার মানোন্নয়নে গুরুত্ব দিয়েছি। প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মে পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করেছি।’

মাগুরার সরকারি আর এস কে এইচ মডেল মাধ্যমিক স্কুল থেকে জিপিএ–৫ পেয়ে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে জিপিএ–৫ পেয়ে এইচএসসি পাস করেন এম এম তারিক-উল্লাহ্। এরপর ভর্তি হন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে। আইইউটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩.৫০ সিজিপিএ পেয়ে স্নাতক পাস করেন তিনি।

বিসিএসে আসার পেছনে কারণ হিসেবে এম এম তারিক-উল্লাহ্ বলেন, দেশে থেকে যাওয়ার প্রবল ইচ্ছা থেকেই বিসিএস পরীক্ষা দেওয়া। দেশের প্রথম শ্রেণির চাকরিতে বিসিএস থেকে সর্বোচ্চ নিয়োগ হয়। পরিবারের উৎসাহে বিসিএসকে প্রধান লক্ষ্য করেছি। এ ছাড়া এ চাকরিতে সেবার মাধ্যমে মানুষের কাছাকাছি থাকার সুযোগ রয়েছে।

 নতুন যেসব প্রার্থী বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের উদ্দেশে এম এম তারিক-উল্লাহ্ বলেন, উন্মাদনা নয়, ধারাবাহিকতা রক্ষা করে প্রস্তুতি নিতে হবে। ক্যাডার সার্ভিসে আসার ইচ্ছাটা জাগিয়ে রাখতে হবে। প্রতিযোগিতায় নিজের অবস্থানের সঠিক মূল্যায়ন করা শিখতে হবে। সে অনুযায়ী ধৈর্য ও পরিশ্রমের সঙ্গে নিজেকে এগিয়ে নিতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে।

এম এম তারিক-উল্লাহ্ বলেন, ক্যাডার সার্ভিসে গেলেও উচ্চশিক্ষা অর্জনের ইচ্ছা আছে। দেশ ও মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব।