চট্টগ্রাম ব্যুরো
দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, খাদ্যশস্য আমদানি, পরিবহন, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ সততা, দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।
রোববার চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে আসা জাহাজ এমভি ‘স্প্রিং স্কাই’ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, আমদানিকৃত গমের মান যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নির্ধারিত মানদণ্ড ও প্যারামিটার অনুসরণ করে খাদ্যশস্য পরীক্ষা করতে হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের খাদ্যশস্য গ্রহণ বা বাজারজাতের সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, খাদ্যশস্যের মান যাচাইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান খাদ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আফরোজা খানম আরও বলেন, খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। দেশের কোনো মানুষ যাতে খাদ্যসংকটে না পড়েন, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।
মন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক দায়িত্ব। তাই দায়িত্ব পালনের কোনো পর্যায়ে অবহেলা, শৈথিল্য কিংবা খাদ্যশস্যের মান যাচাইয়ে গাফিলতি গ্রহণযোগ্য হবে না। সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় খাদ্য অধিদপ্তর ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







