সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:০০:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

গণমাধ্যমের স্বাধীনতা খর্বের শঙ্কা, প্রাগে হাজারো মানুষের বিক্ষোভ

গণমাধ্যমের স্বাধীনতা খর্বের শঙ্কা, প্রাগে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:



চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে সরকারি টেলিভিশন ও রেডিওর অর্থায়ন কমানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। রোববার অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীরা আশঙ্কা প্রকাশ করেন, অর্থায়নব্যবস্থায় পরিবর্তনের আড়ালে সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছে।

 

বার্তা সংস্থা সূত্রে জানা যায়, বিক্ষোভের আগের দিন শনিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে সরকারি সম্প্রচারমাধ্যমের লাইসেন্স ফি বাতিল এবং এর পরিবর্তে রাষ্ট্রীয় বাজেট থেকে সরাসরি অর্থ বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়।
 

প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বিলটির পক্ষে অবস্থান নিয়েছে। তবে আইন হিসেবে কার্যকর হতে হলে প্রস্তাবটি পার্লামেন্টের উচ্চকক্ষে পাস হতে হবে। বিরোধী দলগুলো জানিয়েছে, বিলটি পাস হলে তারা সাংবিধানিক আদালতে এর বৈধতা চ্যালেঞ্জ করবে।
 

প্রাগের ওল্ড টাউন স্কয়ারে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে ২৬ বছর বয়সী শিক্ষার্থী পেত্র চেকাল বলেন, রাজনীতিবিদেরা সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত করতে চান—এমন আশঙ্কা তাঁর কাছে অত্যন্ত উদ্বেগজনক।
 

বিক্ষোভে অংশ নেওয়া ৯৪ বছর বয়সী মিলান কোটাল অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘আমার জীবদ্দশায় টেলিভিশনের নিয়ন্ত্রণ দুইবার রাষ্ট্রের হাতে গেছে। একবার নাৎসিদের হাতে, এরপর কমিউনিস্টদের হাতে।’
 

প্রস্তাবিত বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষে পাস হলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর বাজেট প্রায় ১৫ শতাংশ কমে যেতে পারে। এতে সম্প্রচারমাধ্যম দুটির কার্যক্রম ও স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
 

তবে ক্ষমতাসীন জোটের দাবি, সরকারি সম্প্রচারমাধ্যম দুটিকেও ব্যয় সংকোচনের আওতায় আনতে হবে। অর্থায়নব্যবস্থায় পরিবর্তন আনা হলেও তাদের সম্পাদকীয় স্বাধীনতা অক্ষুণ্ন থাকবে বলে মনে করছে সরকার।
 

বিলটি নিয়ে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের অর্থায়নব্যবস্থা নিয়ে চেক প্রজাতন্ত্রে নতুন করে আলোচনা শুরু হয়েছে।