তাফসির আহাম্মদ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ছাড়া জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি এবং সামারি ট্রায়ালের মাধ্যমে তিনজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়। এর আগে ৬ ও ৭ নভেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গত ৬ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের শশীদল বালিকা উচ্চবিদ্যালয়ের উত্তর পাশে আশাবাড়ি থেকে শশীদল রেলস্টেশনগামী পাকা সেতুর ওপর অভিযান চালায়। এ সময় ৬ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সোনারপাড়া গ্রামের আজিজুর ফকিরের মেয়ে জান্নাতুল নেছা মৌ (২৪) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চর বক্তাবলী গ্রামের মো. মাসুম মিয়ার ছেলে মো. কাওসার আহমেদ ফাহিম (২৫)। পুলিশ জানায়, তারা দুজনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
অন্যদিকে, ৭ নভেম্বর পৃথক অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. মুছা ও এএসআই লিংকন কুমার নাথ নিজ নিজ সঙ্গীয় ফোর্স নিয়ে জামতলী এলাকায় অভিযান চালিয়ে আকলিমা (৩০) ও আলামিনকে (৩২) গ্রেপ্তার করেন।
এ ছাড়া গত ৬ নভেম্বর এসআই মো. শামীম হোসেন ও এসআই মো. তারেক আজিজের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের মাধ্যমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন দক্ষিণ চান্দলার করিমপুর আশ্রয়কেন্দ্র এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে মো. সাইদুল ইসলাম (২০), বড় নাগাইশের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. জাবের (১৯) এবং ধান্যদৌল এলাকার মো. মাসুদের ছেলে হানিফুল ইসলাম সিহাব (২৬)।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







