সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১২:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেসিকে নিয়ে লিখতে গেলে ‘একটি বইও যথেষ্ট নয়’: এনজো ফার্নান্দেজ

মেসিকে নিয়ে লিখতে গেলে ‘একটি বইও যথেষ্ট নয়’: এনজো ফার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক

 

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন দুর্দান্তভাবে শুরু করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে এসে প্রতিপক্ষ বিশ্লেষণের পাশাপাশি অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
 

সংবাদ সম্মেলনে ২০১৬ সালের একটি ঘটনার প্রসঙ্গ ওঠে। সে সময় কোপা আমেরিকার ফাইনালে হারের পর মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ করে একটি খোলা চিঠি লিখেছিলেন এনজো। সেখানে তিনি লিখেছিলেন, “লিও, দয়া করে আমাদের ছেড়ে যেও না।”
 

সেই চিঠির কথা স্মরণ করিয়ে দেওয়া হলে এনজো বলেন, “আজ যদি আমি আবার লিওকে একটি চিঠি লিখতে চাই, তাহলে তার কাছ থেকে যা শিখেছি তা লিখে শেষ করতে একটি পুরো বইও যথেষ্ট হবে না।”
 

গত কয়েক বছরে নিজের ক্যারিয়ারের পরিবর্তন নিয়েও কথা বলেন চেলসির এই তারকা মিডফিল্ডার। তিনি বলেন, “এই চার বছরে আমি অনেক কিছু শিখেছি। এখন নিজেকে অনেক বেশি পরিপক্ব মনে হয়। প্রতিদিন নিজেকে আরও উন্নত করার জন্য আমি আগের চেয়ে বেশি তাগিদ অনুভব করি।”
 

অস্ট্রিয়াকে শক্ত প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে এনজো বলেন, “ওরা খুবই সরাসরি ও আক্রমণাত্মক ফুটবল খেলে। আক্রমণে ওঠার সময় তারা বেশ আগ্রাসী থাকে। তবে প্রতিপক্ষ যেই হোক না কেন, বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখাই আমাদের প্রধান লক্ষ্য।”
 

নিজের খেলার অবস্থান নিয়েও সন্তুষ্টির কথা জানান তিনি। এনজো বলেন, “আমি যে পজিশনে খেলছি সেখানে খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। দলে সুযোগ পেলে সবসময় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আমি বল পায়ে রাখতে পছন্দ করি, এতে আমার আত্মবিশ্বাস বাড়ে।”
 

এবারের বিশ্বকাপের শুরুটা কাতার বিশ্বকাপের তুলনায় অনেক ভালো হয়েছে বলেও মন্তব্য করেন এনজো। তিনি বলেন, “কাতারে প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করাটা আমাদের জন্য খুব কঠিন ছিল। তবে এরপর যা ঘটেছিল, তা ছিল অবিশ্বাস্য। এবার আলজেরিয়ার বিপক্ষে আমরা দারুণ খেলেছি এবং জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরেছি। এতে দলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।”
 

বিশ্ব ফুটবলের প্রতিযোগিতা আগের চেয়ে আরও বেড়েছে বলেও মনে করেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। তার ভাষ্য, “ফুটবল এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। আমার মনে হয়, এবারের বিশ্বকাপ আগের যেকোনো আসরের তুলনায় আরও বেশি জমজমাট। অনেক দলই চমক দেখাচ্ছে এবং গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করছে।”