বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ এ ০৫:০৫:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •

পটিয়ায় দুই মেয়ের বিরুদ্ধে হামলা-হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বাবা-মায়ের কান্নাভেজা আকুতি

পটিয়ায় দুই মেয়ের বিরুদ্ধে হামলা-হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বাবা-মায়ের কান্নাভেজা আকুতি

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় আপন দুই মেয়ে ঐশী ও গৌরীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, হামলা, মামলা এবং অর্থ দাবির অভিযোগ তুলেছেন বাবা সাগর দে ও মা বিমলা দে। পারিবারিক বিরোধের জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে প্রতিকার চেয়ে পটিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তাঁরা।

 

বুধবার (১১ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মা বিমলা দে বলেন, তাঁদের তিন মেয়ে ও এক ছেলে। দুই মেয়ে বিবাহিত এবং ঐশী অবিবাহিত। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঐশী ও গৌরী তাঁদের বাবা-মা ও ভাইকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করে আসছেন।

 

বিমলা দে বলেন, তাঁর স্বামী সাগর দে বর্তমানে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছেন। একদিকে স্বামীর চিকিৎসা, অন্যদিকে পারিবারিক সংকটের মধ্যে দুই মেয়ের কথিত হামলা, মামলা ও অর্থ দাবির ঘটনায় তাঁরা চরম দুর্ভোগে পড়েছেন।

 

তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্যকে অবহিত করার পর স্থানীয় ইউপি সদস্য খোকন এবং সনাতনী সম্প্রদায়ের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি মাস্টার শ্যামল, তাপস ও লিটুকে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে বলা হয়। তাঁরা একাধিকবার চেষ্টা করেও সমস্যার সমাধান করতে পারেননি বলে দাবি করেন তিনি। বরং বিভিন্ন সময়ে বাড়িতে গিয়ে দুই মেয়ে হামলা ও হয়রানি করছেন বলে অভিযোগ করেন বিমলা দে।

 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও দুই মেয়ের আচরণের কারণে পরিস্থিতি বিব্রতকর হয়ে ওঠে। তাঁদের মনমতো সিদ্ধান্ত না হওয়ায় মধ্যস্থতাকারীদের নিয়েও অশালীন ও মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

পরিবারের সমস্যা সমাধানে কেউ এগিয়ে এলে তাঁদের বিরুদ্ধেও কুৎসা রটানো ও সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন বিমলা দে। তাঁর ছেলেকেও বিভিন্ন সময়ে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে বিমলা দে বলেন, নিজের সন্তানদের কাছ থেকে এমন আচরণ কখনো কল্পনাও করেননি তাঁরা। বর্তমানে জীবনের নিরাপত্তা ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার স্বার্থে প্রশাসনের সহযোগিতা ছাড়া তাঁদের সামনে আর কোনো পথ খোলা নেই। পরিস্থিতির উন্নতি না হলে সন্তানদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলেও জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে বাবা সাগর দে, মা বিমলা দে, ছেলে লক্ষ্মণ দে, মহিলা ইউপি সদস্য ময়ূরী বেগমসহ স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলন থেকে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।