সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ এ ০২:১৪:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

 

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ‘সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।’ বিএনপি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
 

রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ এলাকায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

বক্তব্যে কায়সার কামাল বলেন, দেশের একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই প্রকৃত গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত বিভিন্ন সময়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার অভিযোগে জনপ্রতিনিধিদের জবাবদিহিও দুর্বল হয়ে পড়েছিল।
 

দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর এবং নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলার ঘটনা, বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও তৈরি পোশাকশিল্পে হামলার অভিযোগ উদ্বেগজনক। তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্প ক্ষতিগ্রস্ত হলে শুধু শ্রমিকেরাই নন, সামগ্রিক অর্থনীতিও বড় ধরনের সংকটে পড়বে।
 

তিনি আরও বলেন, দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতে সংঘটিত সহিংসতার ঘটনাগুলো দেশবাসী ভুলে যায়নি। নতুন করে সহিংসতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।
 

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে কায়সার কামাল বলেন, এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে প্রতিটি নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত থাকবে। সমাজে কেউ আশরাফ, কেউ আতরাফ—এমন বিভাজন থাকবে না। ধর্ম, বর্ণ, দল কিংবা মতের পার্থক্য ভুলে সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে সবাইকে এ লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
 

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি একটি মানবিক, গণতান্ত্রিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্য অর্জনে দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতে হবে।
 

উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির। এতে বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আনিছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম এবং পোলিং এজেন্ট মাহমুদা আক্তার, মিনা আক্তার, কলি আক্তার, সালমান ও বায়োজিত তালুকদার।
 

অনুষ্ঠানে কলমাকান্দা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ৪৪৬ জন পোলিং এজেন্ট অংশ নেন। সম্মাননা ও কৃতজ্ঞতা প্রকাশের এ আয়োজনে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। একই সঙ্গে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
 

সভায় বক্তারা নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পোলিং এজেন্টদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।