শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে বর্ডার হাট চালুর দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে বর্ডার হাট চালুর দাবিতে মানববন্ধন

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের রাজীবপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত হাট পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন সীমান্ত হাটকেন্দ্রিক বেকার শ্রমজীবী মানুষ। আজ বৃহস্পতিবার বিকেলে রাজীবপুর উপজেলা পরিষদের সামনে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ব্যানারে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
 

কুড়িগ্রামে বর্ডার হাট চালুর দাবিতে মানববন্ধন

 

মানববন্ধনে রাজীবপুর বালিয়ামারী সীমান্ত হাটের ব্যবসায়ী, কুলিশ্রমিক, ভ্যানশ্রমিক ও প্রায় এক হাজার কর্মহীন মানুষ অংশ নেন। এ সময় তাঁরা বালিয়ামারী সীমান্ত হাট দ্রুত চালুর দাবি জানান।
 

কুড়িগ্রামে বর্ডার হাট চালুর দাবিতে মানববন্ধন — ছবি ২

 

আয়োজকেরা জানান, ২০১১ সালে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে রাজীবপুর উপজেলার বালিয়ামারী এলাকায় জিঞ্জিরাম নদীর তীরে সীমান্ত হাট চালু হয়। সপ্তাহে দুই দিন এই হাট বসত। সীমান্ত হাটে ৫৮৭ জন ব্যক্তির নামে ক্রেতা কার্ড ও ২৫ জন ব্যক্তিকে বিক্রির অনুমোদন দেয় জেলা প্রশাসন। 

 

ওই হাটকেন্দ্রিক প্রায় দুই হাজার মানুষ ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ৭ আগস্ট সীমান্ত হাটটি বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে ভারতের পক্ষ থেকে হাট চালুতে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে। এ অবস্থায় সীমান্ত হাট বন্ধ থাকায় হাটকেন্দ্রিক কর্মজীবী মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন।

 

রাজীবপুর উপজেলা রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আহ্বায়ক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব শিপন মাহমুদ, রাজীবপুর উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক আবু সাঈদ, সদস্যসচিব সুমন মাহমুদ, ভূমিহীন সমিতির সভাপতি আবদুর রশিদ, ফরিদ উদ্দিন ডিলার, সাংবাদিক মাইদুল ইসলাম, লিটন মিয়া প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, ৭ আগস্ট থেকে অজানা কারণে বর্ডার হাট বন্ধ ঘোষণা করে প্রশাসন। ওপারে ভারতীয় ব্যবসায়ী ও কর্তৃপক্ষের দিক থেকে হাট চালু রাখার ক্ষেত্রে কোনো বাধা নেই। অথচ একটি মহল প্রশাসনকে ভুল তথ্য দিয়ে হাট বন্ধ করে রেখেছে। এতে হাটকেন্দ্রিক কর্মসংস্থান, কুলিশ্রমিক, ভ্যানশ্রমিক, নৌকার মাঝি থেকে শুরু করে প্রায় হাজারের বেশি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।