শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৭:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নির্বাচনের সময়সীমা বেধে দেওয়া হচ্ছে না অন্তর্বর্তী সরকারকে: শাকিল

নির্বাচনের সময়সীমা বেধে দেওয়া হচ্ছে না অন্তর্বর্তী সরকারকে: শাকিল

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-
 

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য যে সময় প্রয়োজন, সেই সময়টুকু অন্তর্বর্তী সরকারকে দেওয়ার পক্ষে গণঅধিকার পরিষদ। আমরা কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য সময়সীমা নির্ধারণ করছি না।
 

রোববার (১৭ নভেম্বর) দুপুরে, টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি সাংবাদিকদের সাথে এই মন্তব্য করেন।
 

শাকিল উজ্জামান আরও বলেন, ‘‘আমরা ছাত্র-জনতার সঙ্গে মিলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। তাই, আপনারা যেসব সংস্কার করছেন, তা সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা উচিত। রাষ্ট্রে মৌলিক যে সংস্কার প্রয়োজন, সেগুলোর সাথে গণঅধিকার পরিষদ একমত। তবে, এই সংস্কার ও রোডম্যাপ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে গ্রহণ করা উচিত।’’
 

তিনি আরও বলেন, ‘‘বিগত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করেছে এবং তাদের জনবল ও সমর্থন রয়েছে। তারা বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করেছে। তাই, রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হলে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্কের মধ্যে দেয়াল তৈরি হতে পারে। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার এই দেয়াল তৈরি করবে না এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করবে।’’
 

শাকিল উজ্জামান বলেন, ‘‘মওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, মজলুম জননেতা। তিনি সারাজীবন মেহনতি মানুষের জন্য কাজ করেছেন, কিন্তু ক্ষমতার কোনো লোভে তিনি ছিলেন না। তিনি নিঃস্বার্থভাবে বাংলার মানুষের জন্য কাজ করে গেছেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন মওলানা ভাসানী, তবে আওয়ামী লীগ তাকে কখনও যথাযথভাবে স্মরণ করেনি বা তার অবদানকে স্বীকৃতি দেয়নি।’’
 

এ সময় আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সুজন আহমেদ, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মশিউর রহমান, সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানা, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানভী প্রমুখ।