সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হামজা এলে জেগে উঠল উন্মাদনা

হামজা এলে জেগে উঠল উন্মাদনা

ক্রীড়া প্রতিবেদক:-

 

সেকেন্ড, মিনিট, ঘণ্টা—সময়ের কাঁটা যত ঘুরেছে, অপেক্ষার প্রহর ততই বেড়েছে। কারণ একটাই—হামজা দেওয়ান চৌধুরী আসছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জমে উঠেছিল উৎসুক জনতার ভিড়। অবশেষে ঘিয়ে রঙের জ্যাকেট ও কালো থ্রি-কোয়ার্টার পরা হামজা বিমানবন্দর থেকে বের হতেই যেন উল্লাসের জোয়ার বয়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ফুটবলপ্রেমীদের সেই মুহূর্তের অপেক্ষা যেন সার্থকতা পেল।
 

গত এক দশকে বাংলাদেশের ফুটবলে কোনো তারকার জন্য এমন উন্মাদনা দেখা যায়নি। হামজা এখন লাল-সবুজের ফুটবলের পোস্টারবয়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার যেন দেশের ফুটবলে নতুন হাওয়ার পরশ এনেছেন। সামনে রয়েছে ৪ জুন ভুটান ও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এই ম্যাচদুটিকে কেন্দ্র করেই বাড়ছে উত্তেজনা। আগামীকাল কানাডাপ্রবাসী শমিত সোম যোগ দিলে সেই উন্মাদনা আরও বহুগুণে বাড়বে।
 

হামজার অভিষেক হয়ে গেছে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে। তবে এই প্রথমবার তিনি ঘরের মাঠে খেলতে যাচ্ছেন, এ কারণেই তাঁকে ঘিরে এত উত্তেজনা। যাত্রার ক্লান্তি উপেক্ষা করে ঢাকায় পৌঁছেই বিকেলে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। এমন উত্সর্গ দেখে মুগ্ধ সমর্থকেরা।
 

বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, বুধবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা খেলবেন কি না। তবে হামজা দুই ম্যাচেই জয়ের ব্যাপারে আশাবাদী। বিমানবন্দরে গাড়িতে বসে সাংবাদিকদের প্রশ্নে সংক্ষিপ্ত উত্তরেই তাঁর আত্মবিশ্বাস ঝরে পড়ে: "ইয়্যা, ভ্যারি গুড চান্স!"
 

টিম হোটেলে ফিরে ভিডিওবার্তায় সমর্থকদের উদ্দেশে হামজা বলেন,
"আসসালামু আলাইকুম। সব সমর্থক, গণমাধ্যম ও সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চাই। দুর্দান্ত একটি দলের অংশ হতে পেরে গর্বিত বোধ করছি। ইনশাআল্লাহ, আমরা সফল হব। আশা করি, সবাই আমাদের পাশে থাকবেন।"

 

ভুটান ম্যাচ প্রস্তুতির অংশ হলেও মূল লক্ষ্য ১০ জুনের সিঙ্গাপুর ম্যাচ। কারণ, গ্রুপ ‘সি’-তে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের মতো বাংলাদেশেরও এখন পয়েন্ট ১। ফলে এশিয়ান কাপে খেলার দারুণ সুযোগ তৈরি হয়েছে। এই ম্যাচে হামজার পাশাপাশি মাঠে দেখা যেতে পারে শমিত সোম, ফাহমিদুল এবং ইংল্যান্ডপ্রবাসী কিউবা মিচেলকেও।
 

এদিকে, তিন দিন ধরে অনুশীলন করছে বাংলাদেশ দল। নিজেদের কৌশল লুকিয়ে রাখতে গত দুদিন ক্লোজডোর অনুশীলন করেছে ক্যাবরেরার শিষ্যরা। মাঠে অনুশীলন সীমিত হলেও মাঠের বাইরে উচ্ছ্বাসে ভাসছে সমর্থকেরা।
 

বিশেষ করে সিঙ্গাপুর ম্যাচের টিকিট ঘিরে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে, তা বাংলাদেশের ফুটবলের চেহারাই পাল্টে দিচ্ছে। অনেকেই অনলাইনে টিকিট না পেয়ে হতাশ। সেই হতাশা কিছুটা লাঘব করতে আটটি বিভাগে ফ্যান জোন খুলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে বড় পর্দায় খেলা দেখার সুযোগ থাকবে হাজারো দর্শকের।
 

বাংলাদেশ ফুটবলের নতুন ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে। হামজার আগমন সেই ইতিহাস রচনার আগুনে যেন ঘি ঢালল।