শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত থাকবে। আমরা কোনো নির্দিষ্ট দেশের জন্য নিজেদের সীমাবদ্ধ রাখতে চাই না। মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
 

তিনি বলেন, “বাংলাদেশে কি শুধু একটি দেশের জাহাজ আসবে? আমরা কি কারও কাছে বন্দি যে শুধু তাদের সেবা করব? আমাদের বন্দর সব দেশের জন্য উন্মুক্ত। পাকিস্তান থেকে আসা জাহাজটি মিডল ইস্ট থেকে অন্য একটি দেশে গিয়ে তারপর বাংলাদেশে এসেছে। আমাদের দেশে জাহাজ আসা নিষিদ্ধ নয়। খেজুর, পেঁয়াজ, আলু—এসব সামগ্রী সামনের রোজার সময় প্রয়োজন হবে। এগুলো আসতে বাধা দেওয়া কি সঠিক হবে? যারা এসব নিয়ে গুজব ছড়াচ্ছে, তারা দেশের শত্রু।”
 

গণহারে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলাগুলোর বেশিরভাগই ভুয়া। আগে ভুয়া মামলা করত পুলিশ, যেখানে ১০ জনের নাম উল্লেখ করে ৫০ জনকে বেনামি আসামি দেখানো হতো। এখন এসব করছে সাধারণ মানুষ।”
 

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি মোটামুটি ভালো, তবে পুরোপুরি সন্তোষজনক নয়। পূজার সময় পরিস্থিতি ভালো ছিল, কিন্তু তা সেভাবে প্রচার হয়নি।”
 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “পুলিশের মনোবল আগের তুলনায় বেড়েছে। মনোবল একদিনে পরিবর্তন হয় না, সময় লাগে। পুলিশের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন হচ্ছে, যা ধীরে ধীরে আরও উন্নত হবে। তবে এজন্য আপনারা যদি সময় দেন, ফলাফল আরও ভালো হবে।”
 

কাজে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিষয়ে তিনি বলেন, “যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেননি, তারা আমাদের চোখে অপরাধী। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। আপনারা খোঁজ নিন, আর আমাকে জানালে আমি ব্যবস্থা নেব।”
 

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “পাশ্ববর্তী দেশের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে। এসব মিথ্যা প্রচারণার জবাব দিতে হবে। আমাদের ভুল থাকলে ধরিয়ে দিন, কিন্তু মিথ্যা বা ভুল তথ্য প্রচার করবেন না। এতে আমাদের ক্ষতি হয় এবং অন্য দেশের লাভ হয়।”