আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়া ক্লাব রোড ও থানা হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এবং সমিতির সভাপতি আবুল মনসুর পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গমন উপলক্ষে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার রাতে সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি আবু তালেব সওদাগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন শতদল ভট্টাচার্য, মুহাম্মদ মহিউদ্দীন, আহমেদ নুর, অনুপম ঘোষ বাপ্পী, মোহাম্মদ আবদুল মান্নান, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ বাবুল, অনিল লোকমান, শহিদুল আলম, আবদুল মান্নান, গিয়াস উদ্দিনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পটিয়া ক্লাব রোড ও থানা হাট ব্যবসায়ী সমিতি দীর্ঘদিন ধরে সেবার মানসিকতা নিয়ে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমিতির সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সমিতির সদস্যরা গর্বিত ও আনন্দিত। তাঁর এ অর্জন সমিতির জন্যও সম্মানের। এ সময় তাঁরা আবদুল হাকিম রানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
একই সঙ্গে সমিতির সভাপতি আবুল মনসুরের পবিত্র ওমরাহ পালনের সফর নির্বিঘ্ন ও সফল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। তাঁর সুস্বাস্থ্য ও সার্বিক সমৃদ্ধিও কামনা করেন তাঁরা।
অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত দুই ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে সমিতির উদ্যোগে বনভোজন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সমিতির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নাইট গার্ডকে প্রতিদিন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানটি সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।







